আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে মধ্যরাতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে উপকূল অতিক্রম বা ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া সম্পন্ন করেছে ঝড়টি।
ভারতীয় আবহাওয়া দপ্তর (মৌসম ভবন) জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরির ইয়ানাম উপকূলে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশ বা ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এ সময় ঝড়ের মূল গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার, যা সর্বোচ্চ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। স্থলভাগে পুরোপুরি প্রবেশ করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। অন্ধ্রপ্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের তাণ্ডবে ইয়ানামের কাছে জাতীয় সড়কে বহু গাছপালা উপড়ে পড়ায় যোগাযোগ ব্যাহত হয়, যা পরে দুর্যোগ মোকাবিলা বাহিনী দ্রুত অপসারণ করে। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল এবং বেশ কিছু ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে দুই হাজারের বেশি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার গর্ভবতী নারীদের নিরাপদ চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড়ের প্রভাব
এই ঝড়ের প্রভাবে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ ভারি বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবারও দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এছাড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
(সূত্র: আনন্দবাজার পত্রিকা)
এটিভি/ আর এম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available