• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১১:৪২ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ শুরুর আগে ইরানি সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ

১০ জুন ২০২৬ বিকাল ০৫:১৪:১৩

বিশ্বকাপ শুরুর আগে ইরানি সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে বড় ধাক্কা খেয়েছেন ইরানের সমর্থকরা। ইরান ফুটবল ফেডারেশন দাবি করেছে, তাদের সমর্থকদের জন্য বরাদ্দকৃত সব টিকিট বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে হাজার হাজার ইরানি সমর্থক মাঠে বসে প্রিয় দলের খেলা দেখার সুযোগ হারাতে পারেন।

৯ জুন মঙ্গলবার এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, ফিফার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের ফেডারেশন নিজেদের সমর্থকদের জন্য মোট আসনের ৮ শতাংশ টিকিট পেয়ে থাকে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানও টিকিট বিক্রি শুরু করেছিল। তবে হঠাৎ করেই ওই বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি তাদের।

ফেডারেশনের অভিযোগ, অনেক সমর্থক সরকারি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা সম্পন্ন করলেও এখন তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনাকে তারা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সমতা ও ন্যায্যতার নীতির পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং এর পেছনে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে।

এদিকে ফিফা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আর্থিক নিষেধাজ্ঞা ও লেনদেনসংক্রান্ত জটিলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সংস্থাটি বলেছে, তারা ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে যাতে নিয়ম মেনে ইরানি সমর্থকদের জন্য ম্যাচে উপস্থিত থাকার বিকল্প ব্যবস্থা খুঁজে বের করা যায়।

বিশ্বকাপকে ঘিরে ইরানের জন্য এটি নতুন কোনো সমস্যা নয়। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে দলটি তাদের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছে। যদিও গত সপ্তাহে অধিকাংশ খেলোয়াড় ভিসা পেলেও দলের কয়েকজন কর্মকর্তা ও স্টাফ এখনও ভিসা জটিলতায় রয়েছেন।

গ্রুপ ‘জি’-তে থাকা ইরান আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us