স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শারমিন আক্তারের দুর্দান্ত ফিফটি এবং স্বর্ণা-সোবহানার ক্যামিওতে বড় জয়ের পথেই ছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষদিকে মাত্র ২ রানে বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কা নারী দল। অবশ্য নাটকীয়তা শেষে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরাই।
রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি বাংলাদেশের। দুই ওভার শেষ হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন বাংলাদেশের দুই ওপেনার। দলকে বিপদে ফেলে দ্রুতই আউট হন দলনেতা নিগার সুলতানা জ্যোতিও। শারমিন সুলতানা শূন্য, জুয়াইরিয়া ফেরদৌস ৫ ও নিগার সুলতানা জ্যোতি ১৩ রানে ফেরেন।


মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে গড়েন অপ্রতিরোধ্য ৮৭ রানের জুটি। ৫৬ বলে ৪১ রান করার পর রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছেড়ে আসেন সোবহানা।

এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান শারমিন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ফিফটি পূরণের পর তার ইনিংস থামে ৮৬ রানে। ১২৭ বলে খেলা এই অনবদ্য ইনিংসটি ১৩টি চারে সাজানো।
এরপর মাত্র ২ রান তুলতেই সাজঘরে ফেরেন স্বর্ণা, রাবেয়া ও রিতু মনি। আউট হওয়ার আগে স্বর্ণা ৩৫, রিতু মনি শূন্য ও রাবেয়া ১ রান করেন। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা।
রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরা। তাদের ইনিংসে আসে দুটি ফিফটি। সর্বোচ্চ ৫৪ রান করেন হানসিমা করুনারত্নে। আর ইমেশা দুলানির ব্যাট থেকে আসে ৫২ রান। এছাড়া কাভিশা দিলহারি ৩০, হাসিনি পেরেরা ২৭ ও কৌশানি ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দশের ঘর স্পর্শ করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিতু মনি। দুটি উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available