স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
বিশ্বকাপে শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে। এরপর থেকেই নাগেলসমানের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত দলের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন ৩৯ বছর বয়সী এই কোচ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নাগেলসমান বলেছিলেন, দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষ তিনি নন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) ওপরই নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি।
নাগেলসমান বলেন, ‘বিষয়টি এখন আর আমার হাতে নেই। তারা চাইলে আমি দায়িত্ব চালিয়ে যেতে প্রস্তুত। যদি কেউ আমাকে না চায়, তাহলে সেটা সরাসরি আমাকে বলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি কাজ করে যেতে চাই। তবে ফুটবলে সব সময় সবকিছু নিজের নিয়ন্ত্রণে থাকে না। যদি ডিএফবি চায়, তাহলে আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও নেশন্স লিগে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত।’
২০২৩ সালে জার্মানির দায়িত্ব নেওয়া নাগেলসমানের সঙ্গে ডিএফবির চুক্তি ছিল ২০২৮ সালের ইউরো পর্যন্ত। তার অধীনেই স্বাগতিক হিসেবে ইউরোতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল জার্মানি। তবে নিজের প্রথম বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি তিনি। একই সঙ্গে গত ৪০ বছরের মধ্যে বিশ্বকাপের নকআউট ম্যাচে ডাগআউটে দাঁড়ানো সর্বকনিষ্ঠ কোচ হিসেবেও রেকর্ড গড়েছিলেন নাগেলসমান।
নাগেলসমানের বিদায়ের পর জার্মানির নতুন প্রধান কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জার্মানির সাবেক কোচ য়্যুর্গেন ক্লপ। জানা গেছে, ডিএফবি শিগগিরই তার সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারে।
ইংল্যান্ডের ক্লাব ফুটবলে দীর্ঘ সময় সফলতার সঙ্গে কোচিং করানো ক্লপের নাম অতীতেও জার্মান জাতীয় দলের দায়িত্বের জন্য আলোচনায় এসেছিল। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর দল পুনর্গঠনের লক্ষ্য নিয়ে এবার অভিজ্ঞ ও সফল এই কোচের দিকেই ঝুঁকতে পারে ডিএফবি।
এখন দেখার বিষয়, নাগেলসমানের বিদায়ের পর জার্মান ফুটবলের নতুন অধ্যায়ের দায়িত্ব শেষ পর্যন্ত ক্লপের কাঁধেই তুলে দেওয়া হয়, নাকি অন্য কোনো কোচের ওপর আস্থা রাখে ডিএফবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available