স্পোর্টস ডেস্ক: আইপিএলে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) নতুন প্রধান কোচ হলেন সাবেক ভারতীয় পেসার জহির খান। ২০২৭ মৌসুম সামনে রেখে তাকে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দীর্ঘ ১৮ বছর দায়িত্ব পালনের পর স্টিফেন ফ্লেমিং সরে দাঁড়ানোয় তার জায়গায় আসছেন জহির।
খেলোয়াড়ি জীবনে ১৪ বছরের ক্যারিয়ার ছিল জহিরের। ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। তবে সিএসকেতে যোগ দিয়ে প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক এই বাঁহাতি পেসার।
কোচিং ও দল পরিচালনায় অবশ্য অভিজ্ঞতা আছে জহিরের। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে ক্রিকেট পরিচালক ও গ্লোবাল হেড অব ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে লখনউয়ের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়।
সিএসকের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জহির। ফ্র্যাঞ্চাইজিটির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের মুখোমুখি হয়েছি এবং সেই লড়াইগুলো দারুণ উপভোগ করেছি। চিপাকে সুপারফ্যানদের তৈরি করা পরিবেশও দলটিকে বিশেষ করে তোলে। সমৃদ্ধ ইতিহাসের এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে আর তর সইছে না।’
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন জহির। ১০০ ম্যাচে তার উইকেট ১০২টি। ২০১০ ও ২০১১ সালে আইপিএলের ফাইনালেও খেলেছেন তিনি, দুবারই প্রতিপক্ষ ছিল সিএসকে।
সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না চেন্নাইয়ের। ২০২৩ সালে শিরোপা জয়ের পর থেকে আর প্লে-অফে উঠতে পারেনি দলটি। ২০২৫ মৌসুমে পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ করার পর তরুণ ক্রিকেটারদের নিয়ে দল পুনর্গঠনে মনোযোগ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। আয়ুশ মাহাত্রে, ডেওয়াল্ড ব্রেভিস ও কার্তিক শর্মার মতো তরুণদের দলে নিলেও মাঠের পারফরম্যান্সে প্রত্যাশিত উন্নতি করতে পারেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available