• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২২:২৬ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬ জুন ২০২৬ বিকাল ০৪:০৮:৪০

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নারায়ণগঞ্জে শুরু হয়েছে ফুটবল উৎসবের আমেজ। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, সমর্থন ও শুভকামনা জানিয়ে শিশু, কিশোর, তরুণ এবং প্রবীণ সমর্থকদের অংশগ্রহণে শহরে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আকাশি-সাদা পতাকা, জার্সি, ব্যানার ও রঙিন ধোঁয়ার আবহে নগরীর বিভিন্ন সড়ক পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

১৫ জুন সোমবার বিকেল সাড়ে ৫টায় দেওভোগ এলাকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিটি পার্ক (চারুকলা) থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ঘুরে পুনরায় দেওভোগে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অধিকাংশই আর্জেন্টিনার জার্সি পরে এবং জাতীয় পতাকার রঙে মুখ ও হাত সাজিয়ে অংশ নেন। অনেকেই বহন করেন বিশাল আর্জেন্টাইন পতাকা। এছাড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিসহ দলের বিভিন্ন খেলোয়াড়ের ছবি সংবলিত ব্যানারও ছিল সমর্থকদের হাতে। ভুভুজেলার শব্দ, স্লোগান, নাচ-গান এবং উচ্ছ্বাসে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

বিশেষ করে শিশু সমর্থকদের উপস্থিতি ছিল সবচেয়ে আকর্ষণীয়। ছোট ছোট শিশুদের আর্জেন্টিনার জার্সি পরে নাচতে, গান গাইতে এবং উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। আকাশি রঙের স্মোক বোম্বের ধোঁয়ায় পুরো শোভাযাত্রা আরও বর্ণিল হয়ে ওঠে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক মিকাঈল বলেন, “বিশ্বকাপ আমাদের জন্য আনন্দের উৎসব। কেউ আর্জেন্টিনার, কেউ ব্রাজিলের, আবার কেউ অন্য দলের সমর্থক। কিন্তু খেলা নিয়ে কোনো বিরোধ বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এক মাসের খেলার জন্য আমরা যেন বারো মাসের সম্প্রীতি নষ্ট না করি। ফুটবল মানুষকে একত্রিত করে, আনন্দ দেয়। তাই সবাই মিলে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অপর সমর্থক রাসেল প্রধান বলেন, “আর্জেন্টিনা সব সময়ই সেরাদের সেরা। মেসির নেতৃত্বে দলটি বিশ্বকাপ জিতেছে। এবারও তারা দুর্দান্ত খেলবে এবং শিরোপা নিজেদের কাছেই রাখবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”

আয়োজকদের মধ্যে ছিলেন স্বপন দাস, তাপস দাস, খেলোয়াড় পিলু, প্রণব কৃষ্ণ রায়, মোক্তার হোসেন, মেহেদী হাসান সজীব ও লোকনাথ বাবু। তারা জানান, বিশ্বকাপজুড়ে খেলাপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us