• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৩:১২:১৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

সেমিফাইনালের আগে মা হারালেন ফুটবলার শিউলি

২ জুন ২০২৬ দুপুর ০১:১১:০৪

সেমিফাইনালের আগে মা হারালেন ফুটবলার শিউলি

স্পোর্টস ডেস্ক: উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। দলের অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম মৃত্যুবরণ করেছেন। এই দুঃসংবাদে পুরো দলজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

২ জুন মঙ্গলবার সকালে ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে বাংলাদেশ দলের অনুশীলনে নামার কথা ছিল। তবে ভোরে শিউলি আজিমের মায়ের মৃত্যুর খবর পৌঁছালে নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়। সতীর্থ ও কোচিং স্টাফরা কঠিন এই সময়ে শিউলির পাশে থাকার সিদ্ধান্ত নেন।

৩ জুন বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে প্রস্তুতি চললেও আকস্মিক এই শোকাবহ ঘটনা দলের মনোবলে প্রভাব ফেলেছে।

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর শিউলি আজিম। সাফ চ্যাম্পিয়নশিপের গত দুটি শিরোপা জয়ে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ভারতের গোয়ায় অনুষ্ঠিত চলতি আসরে অংশ নেওয়া বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়ও শিউলি।

চলমান টুর্নামেন্টে বুকে ব্যথার কারণে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। যদিও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছিলেন। তবে সেই ম্যাচে তাকে একাদশে রাখেননি প্রধান কোচ পিটার জেমস বাটলার। ম্যাচটিতে বাংলাদেশ ৩-০ গোলের ব্যবধানে পরাজিত হয়।

সাফ চ্যাম্পিয়নশিপের গত দুই আসরের ফাইনালে নেপালকে তাদেরই মাঠে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। তবে মাঠের লড়াইয়ের আগে শিউলি আজিমের ব্যক্তিগত এই শোক পুরো দলের জন্যই বড় মানসিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

শোকের আবহ কাটিয়ে সেমিফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us