স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগ আর রিয়াল মাদ্রিদ যেন ওতপ্রোতভাবে জড়িত। এই আসরে তারা একটু বেশিই ফেভারিট বটে। তা না হলে শেষ ৭ মিনিটের নাটকীয়তায় এমন দুর্দান্ত কামব্যাক কি অন্য দলগুলোর পক্ষে দেওয়া সম্ভব? রিয়াল মাদ্রিদ এরকম কামব্যাক অবশ্য মাঝে মাঝেই দেয়। আর চ্যাম্পিয়নস লিগ তো তাদের জন্য 'পয়া' প্ল্যাটফর্ম— রোমার বিপক্ষে যার প্রমাণ মিললো আরও একবার। অন্যদিকে, ইতিহাদে থেমেছে ম্যানচেস্টার সিটির জয়রথ। সিটিজেনদের হারিয়েছে পিএসজি।
১৪ অক্টোবর বুধবার রাতে মাঠে গড়ায় চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের বেশ কয়েকটি ম্যাচ।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে তখন রোমার জয়ের উৎসব! ৮২ মিনিটে স্কোরলাইন ৩-১। রিয়াল মাদ্রিদের কফিনে যেন শেষ পেরেক ঠুকে দিয়েছে স্বাগতিকরা। এরপরেই শুরু নাটকীয়তা।
ম্যাচের ৮৩তম মিনিটে কার্লোস এসপির গোলে ব্যবধান কমায় রিয়াল। এরপর আরদা গুলেরের কর্নার থেকে হেডে গোল ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিকের! স্কোর ৩-৩।
রোমার গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। আর নাটকের শেষ দৃশ্য? ৯০ মিনিটে গুলেরের সেট পিস থেকে আন্তোনিও রুডিগারের গোল! সাত মিনিটে তিন গোল। ৩-১ থেকে ৪-৩। রোমার জয়ের উৎসব মুহূর্তেই বদলে গেল রিয়ালের জয়োল্লাসে।
অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে আরেক নাটকীয় লড়াই দেখলো ফুটবল ভক্তরা। মৌসুমের শুরুতে সিটির টানা আট জয়। এরপরও যে ম্যাচটা একপেশে হবে না তা অনুমেয়ই ছিল। কারণ প্রতিপক্ষ যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। হলোও তাই।
এদিন ম্যাচের ১৩ মিনিটে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। দুই মিনিট পর দুয়ের ক্রস থেকে উসমান দেম্বেলের হেড। স্কোর ২-০। ৩২ মিনিটে ভিতিনিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। প্রথমার্ধেই সিটির রক্ষণকে কার্যত তাসের ঘরের মত ভেঙ্গে দেয় করে দেয় পিএসজি।
অবশ্য বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি। আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমে ৩-১। তবে ৬২ মিনিটে আকালিউশের গোলে আবারও বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। নিজের দ্বিতীয় গোলে আবারও ব্যবধান কমান হালান্ড। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি সিটির। উড়তে থাকা ম্যানচেস্টার সিটিকে মাটিতে নামিয়ে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের ক্লাবটি।
আসরের আরেক ম্যাচে নরওয়ের ক্লাব গ্লিমটের কাছে ১-০ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available