স্পোর্টস ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোয় টাইগারদের এবারের আসরে দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে শুরু থেকেই আলোচনা-সমালোচনা চলছে।

বিশ্বকাপ শুরুর আগে সদ্য সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত। পরে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন, এটি সরকারের নয়, বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল।


এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২০ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘উনি যেভাবে মিথ্যা কথা বলেছেন, তা ভাবতেও পারছি না। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন, এটা আমরা মেনে নিতে পারছি না।’
সালাউদ্দিন আরও বলেন, ‘আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন তারা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমরা তাদের মাঠে ফিরিয়ে আনতে পেরেছি এটাই বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’
এর আগে ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেছিলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বিসিবি ও ক্রিকেটারদের। দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার স্বার্থে তারা এই ‘স্যাক্রিফাইস’ করেছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তবে পরে সমালোচনার মুখে নিজের বক্তব্য থেকে সরে আসেন সাবেক এই ক্রীড়া উপদেষ্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available