নারায়ণগঞ্জ প্রতিনিধি: টানা দুই দিনের সড়ক অবরোধের পর আজ তৃতীয় দিনেও সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে। সড়ক অবরোধের চেষ্টা করলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
৪ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় পোশাক শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় বড় পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সকালে এসব কারখানার শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানায় আসেন। নিয়ম অনুযায়ী শ্রমিকদের নিজ নিজ কাজে থাকার কথা থাকলেও পরবর্তীতে তারা কাজ ছেড়ে সড়কে নেমে অবরোধ করার চেষ্টা চালান।
একপর্যায়ে কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ভূমিকা পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সড়ক সচল রাখতে পুলিশ তাৎক্ষণিক টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ফলে শ্রমিকরা সড়কে অবস্থান নিতে পারেননি।
সার্বিক পরিস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছি। শ্রমিকরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সেজন্য আমরা কোথাও তাদের জড়ো হতে দিইনি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available