• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৯:২৫ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে: রিজভী

২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৪৪

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে: রিজভী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশকে অস্থিতিশীল করে তোলার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকে পরাজিত শক্তি প্রতিনিয়ত উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশের অভ্যন্তরেও একটি রাজনৈতিক শক্তি এই অস্থিতিশীলতা তৈরিতে যুক্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আজ সোমবার বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায় থাকার’ বক্তব্যের তীব্র সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, "মাত্র আট মাসের একটি সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। জামায়াতের নেতাকর্মীদের সবাই ‘গুপ্ত’ বলে অভিহিত করে। কারণ অতীতে তারা কখনও ছাত্রদলের সঙ্গে, আবার কখনও ছাত্রলীগের সঙ্গে মিশে ছিল। এই দ্বিচারিতার জন্যই সবাই তাদের গুপ্ত বলে।"

আরও পড়ুন

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা: জামায়াত আমির

বিএনপির রাজনৈতিক দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে তিনি আরও বলেন, "একটি সুনির্দিষ্ট নীতি ও আদর্শের জন্য বিএনপি একটানা ১৭ বছর লড়াই করেছে। অনেক রক্ত ঝরিয়ে এবং বহু জীবন উৎসর্গ করে সেই লড়াইয়ে আমরা বিজয় নিশ্চিত করেছি। সুতরাং বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে বলে আমরা আশা করি।"

এর আগে, সোমবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। দিনব্যাপী সিলেক্ট সফর শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ