অনলাইন ডেস্ক: মালয়েশিয়া সফর স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২৪ নভেম্বর অস্ট্রেলিয়া সফর শেষে মঙ্গলবার তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সফর সংক্ষিপ্ত করে মঙ্গলবারই সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের পথে যাত্রা শুরু করেন তিনি।
মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান জানান, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষে তিনি দেশের উদ্দেশে রওনা হয়েছেন। সফরকালে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও ভালোবাসায় তিনি অভিভূত হয়েছেন উল্লেখ করে সবার জন্য উত্তম প্রতিদান ও সম্মান কামনা করেন।
পোস্টে জামায়াত আমির আরও বলেন, প্রবাসীরা গভীরভাবে দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী। তাই বিশ্বের সব প্রবাসী বাংলাদেশিকে যথাযথ সম্মান দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
মালয়েশিয়া সফর স্থগিতের বিষয়ে তিনি লেখেন, একান্ত প্রয়োজনে দেশটিতে তাঁর এক দিনের নির্ধারিত সফরটি স্থগিত করতে হয়েছে। তবে অদূর ভবিষ্যতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে সফর সংক্ষিপ্ত করার কারণ সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়টিই মূলত আমিরের দ্রুত দেশে ফেরার অন্যতম কারণ। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে দলও তাঁর দেশে উপস্থিতি জরুরি মনে করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available