নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, তা চাই না। বরং জিয়াউর রহমানকে নিয়ে গবেষণামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
২ মে শনিবার দুপুরে রাজধানীর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


তিনি জানান, বিএনপির ইতোমধ্যে একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে, তাই নতুন করে আরেকটি সংগঠনের প্রয়োজন নেই। জিয়া পরিষদের কার্যক্রম গবেষণামুখী হওয়া উচিত বলেও মত দেন তিনি।

সরকারে দায়িত্ব নেওয়ার পর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এগুলো দেশের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে যেখানে তদবির ছাড়া কাজ হয় না, যা একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থার প্রতিফলন।
ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ এসেছে। তবে সংবিধান ও জুলাই সনদ নিয়ে চলমান বিতর্ককে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কিছু বিষয়ে বিএনপি দ্বিমত পোষণ করলেও জাতীয় স্বার্থে আলোচনায় অংশ নিয়েছে। সংবিধান সংস্কারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংসদের মাধ্যমেই হওয়া উচিত বলে মত দেন তিনি।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য এবং অর্থনীতির পুনর্গঠন।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের ইতিবাচকভাবে যুক্ত না করলে এটি ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available