অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
তিনি বলেন, ক্ষমতায় আসার আগেই তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তাঁর রূপরেখা তুলে ধরেছিলেন এবং সরকার গঠনের পরদিন থেকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন।
১০ নভেম্বর মঙ্গলবার সকালে জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক যাত্রাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের সঙ্গে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, কার্বন নিঃসরণ কমানো ও পরিবেশ রক্ষায় এ সম্মেলন যুগান্তকারী ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available