ডেস্ক রিপোর্ট: অনিয়ম, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের রাজধানীর তিনটি কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে স্থায়ী ও সাময়িক বহিষ্কারসহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিলুপ্ত কমিটিগুলো হলো—ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর যুবদল কমিটি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল কমিটি।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় কয়েকজন নেতার নাম আসার পর এসব সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়। তবে দল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ওই ঘটনার সরাসরি উল্লেখ করা হয়নি।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনীর হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম ও মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। একই সঙ্গে শাহআলী থানা বিএনপির খলিল চৌধুরী, ‘সি’ ব্লক ইউনিটের আনোয়ার হোসেন এবং মহানগর উত্তরের সদস্য হাফিজুর রহমান শুক্কুকে পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করার পাশাপাশি সারোয়ার আলম পিয়াস ও ইকবাল হোসেন দিপুসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দারুসসালাম থানা শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ দুজন এবং শ্রমিক দলের শাহআলী ও দারুসসালাম শাখার চার নেতাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে পল্লবী এলাকায় বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনক্রমে এসব সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available