ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় আটকে দিয়েছে পুলিশ।
২৯ জুলাই বুধবার বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে গাড়িবহরটি রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের থামিয়ে দেয়। গাড়িবহরে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করে দলটি। হামলায় কয়েকজন আহত হন।
এ ঘটনার জেরে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ। মৌলভীবাজার-হবিগঞ্জ সীমান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার সময় এনসিপির নেতাদের বহনকারী গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। পুলিশ জানায়, এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। হামলার মুখে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে যায়। তারা রাতটি সেখানে অবস্থান করেন।
এ ঘটনার পর বুধবার মৌলভীবাজারে পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই দিনে জেলা বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available