অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে এবং নব্য স্বৈরাচারে পরিণত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।
৩০ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে কষ্টে রয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও সবজির দাম বেড়েছে। টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারীর মৃত্যুর ঘটনাও উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে বিরোধী দল হিসেবে সমালোচনা করতেও বাধার মুখে পড়তে হচ্ছে। তার অভিযোগ, সমালোচনা করলেই হামলা ও প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে।
তিনি বলেন, যারা হামলা চালিয়ে ও সড়কে ট্রাক বসিয়ে ‘জুলাই পদযাত্রা’ বন্ধ করতে চেয়েছিল, কানাইঘাটের মানুষ তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সংস্কার ও বিচার প্রতিষ্ঠার দাবিতেই তারা জনগণের কাছে এসেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, অতীতে দমন-পীড়ন চালিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলন থামানো যায়নি। তার দাবি, দীর্ঘদিন গণতন্ত্রের জন্য আন্দোলনের কথা বলা হলেও ক্ষমতায় এসে বিএনপি জনগণের ওপর দমন-পীড়ন, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমি দখলের পথ বেছে নিয়েছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে নতুন কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, একজন শিক্ষার্থীর চোখ নষ্ট হওয়ার ঘটনার দায় এড়ানো যাবে না। এ ধরনের ঘটনার মাধ্যমে কী বার্তা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এ ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
তিনি আরও বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন। তবে তাদের নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা ভূমি দখলের রাজনীতি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, সংস্কার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচনে কারচুপি বা সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। জাতীয় নির্বাচনের মতো কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা ভোট কারচুপি স্থানীয় সরকার নির্বাচনে হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available