• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:০৮:২৭ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

৪ জুলাই ২০২৬ রাত ০৮:০৭:২৫

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: দলের নেতাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

৪ জুলাই শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, উপমহাদেশে আন্দোলনের নেতৃত্ব মুসলমানরাই দিয়েছেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দীর্ঘ ৮৬ বছরের অভিযাত্রায় অসংখ্য ব্যক্তি ত্যাগ, কোরবানি ও আত্মোৎসর্গের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিয়েছেন।

একই সঙ্গে তিনি কর্মীদের সতর্ক করে বলেন, দীর্ঘদিনের অর্জন ও সুনাম একটি ছোট ভুল বা দুর্ঘটনায়ও ম্লান হয়ে যেতে পারে। এ সময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একীন ও ইখলাসের সঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি। জামায়াতে ইসলামীর সাংগঠনিক শৃঙ্খলা একটি বড় নেয়ামত। এই সংগঠনে শৃঙ্খলা, নীতি-নৈতিকতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনসহ জামায়াত বর্তমানে ৯০টি আসনে সংসদে প্রতিনিধিত্ব করছে। জনগণ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যাশা থেকে আমাদের প্রতি সমর্থন দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের লক্ষ্য যদি কেবল রাষ্ট্রক্ষমতা অর্জন হয়, তবে তার পরিধি দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু লক্ষ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তবে তার পরিধি আখিরাত পর্যন্ত বিস্তৃত হবে।

তিনি আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করে নিজের ভেতরের দুর্বলতা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর কিতাব ও রাসুলের (সা.) সুন্নাহ অনুসরণকারীরা পথভ্রষ্ট হন না। পরিবার ও সংগঠনকে শক্তিশালী করতে নারী-পুরুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দিয়ে তিনি নারীদের সম্মান করা এবং দ্বীনি কাজে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

এ সময় জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সমাজের সৎ, গ্রহণযোগ্য, মানবিক গুণাবলি ও নেতৃত্বের সক্ষমতা রয়েছে, এমন ব্যক্তিদের প্রার্থী হিসেবে বাছাই করতে হবে। হালাল উপার্জনকারী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আনতে পারলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় তিন দিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us