• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৫:২৭ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে: ডা. তাহের

৩১ মে ২০২৬ বিকাল ০৪:৫৮:৩৫

আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে: ডা. তাহের

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের আশা প্রকাশ করে বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

৩১ মে রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। নির্বাচনে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে। প্রধান বিরোধীদল মানেই হলো যারা আগামীতে ক্ষমতায় আসবে। আমরা আশা করছি, আগামীতে জামায়াতে ইসলামীই রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এই এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ এনেছিলাম। নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাস পার হয়েছে, এরই মধ্যে উন্নয়নের জন্য আরও ১০০ কোটি টাকার বরাদ্দ এনেছি। মাত্র তো সরকারের তিন মাস গেল। বিএনপি যদি পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকে, তবে এই বরাদ্দ আরও কয়েকগুণ বাড়বে।

চৌদ্দগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চৌদ্দগ্রামের প্রধান সমস্যা হলো কিশোর গ্যাং ও মাদক কারবার। এখানে এসবের কোনো স্থান হবে না। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের আমি ছয় মাস সময় দিলাম, আপনারা অন্য কোনো পেশা বেছে নিন। এরপরও যদি এই পথে থাকেন, তবে ধরে নেওয়া হবে আপনারা ইচ্ছাকৃতভাবেই অপরাধ করছেন।

তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যাই বেশি, অপরাধী অল্প কয়েকজন। তাদের ধরতে জনগণ যদি ঘর থেকে বের হয়, তবে সমাজ থেকে অপরাধ এমনিতেই কমে যাবে। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান চলবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতারা। অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us