অনলাইন ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে। ভারত এই আইনি প্রক্রিয়া মেনে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
২২ নভেম্বর রোববার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনাকে যদি দেশে আসতে হয়, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। আমরা আশা করি ভারত এই বিষয়টি মেনে নিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।’
তিনি বলেন, দেশে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। সাধারণ কোনও নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আমরা কি ভুলে গেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কীভাবে নির্যাতন করে দেশছাড়া করা হয়েছিল। আমরা কি এগুলো ভুলে গেছি?’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমি যদি জানতে পারি আমার এলাকায় কোনও জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনও দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিকও বিপদে পড়বে। তবে যারা সাধারণ আওয়ামী লীগ করেন, যে কেউ একটি দল করতেই পারেই পারেন, এটা দোষের নয়।
তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঝামেলা ও গ্রুপিং করলে সুযোগ নেবে ফ্যাসিবাদীরা। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনও সাধারণ মানুষ, যারা অন্য দল করে; বিএনপি করে না কিংবা আওয়ামী লীগ করে বা অন্য রাজনৈতিক দল করেন, তাদের প্রতি প্রতিহিংসামূলক কোনও আচরণ করা যাবে না। আমরা সেটি চাই না।’
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু প্রমুখ।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available