কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: স্বনির্ভর বাংলাদেশ গড়তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। খাল খনন কর্মসূচিকে তিনি একটি ‘বিপ্লব ও আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।
২৫ ফেব্রুয়ারি বুধবার সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, জনস্বার্থে জনগণের দাবির প্রতি সরকার বিশেষভাবে নজর দিচ্ছে।


তিনি বলেন, খাল খনন প্রকল্প বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। খালের বিভিন্ন অংশে অবৈধ বাঁধ সৃষ্টি ও বর্জ্য ফেলে দূষণ করা হয়েছে। এসব অপসারণ না করলে প্রকল্পের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না।

মন্ত্রী আরও বলেন, খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাড়িঘর ও দোকান নির্মাণ করে দখল করা হয়েছে। আলোচনা ও সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে এসব সমস্যা সমাধান করা হবে। প্রকল্পটিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রকল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। তবে সমাধানে শুধু মন্ত্রণালয় নয়, জনপ্রতিনিধি ও স্থানীয়দেরও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় শুভাঢ্যা খাল একটি চলমান প্রকল্প, যা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়নের আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available