ডেস্ক রিপোর্ট: মন্ত্রিসভায় অনুমোদনের পরও নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন পেলেও ১০ দিন পেরিয়ে গেলেও এখনো গেজেট প্রকাশ হয়নি।
মন্ত্রিসভায় অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। তবে বর্তমানে পে-স্কেলসংক্রান্ত প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
নতুন বেতনকাঠামোয় মূল বেতন কত নির্ধারণ করা হবে, বিভিন্ন ভাতা কবে থেকে কার্যকর হবে এবং বকেয়া কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য গেজেটের অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দেওয়া হয়। ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করার কাজ চলছে।
তবে অর্থ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বিচার বিভাগীয় কর্মীরা শতভাগ ভাতা দেওয়ার দাবি জানিয়েছিলেন। অর্থ বিভাগ শেষ পর্যন্ত এ দাবিতে সম্মতি দেয়নি। তাঁর দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। ফলে ওই জটিলতার সমাধান না করে গেজেট প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু বলতে চাইছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চূড়ান্ত বেতন নির্ধারণের সুযোগ নেই। তাই নতুন বেতনকাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গেজেট প্রকাশের দিকেই তাকিয়ে আছেন সরকারি চাকরিজীবীরা।
সূত্র: যুগান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available