ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
৪ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।
বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা অব্যাহত রাখা এবং দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।
অন্যদিকে চীনা প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ৩ নভেম্বর মঙ্গলবার রাতে তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান লিউ হাইশিং। সফরকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশ-চীন সম্পর্ক এবং রাজনৈতিক সংলাপবিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন চীনা প্রতিনিধিদলের প্রধান। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া বুধবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
সফরের শেষ দিন ৫ নভেম্বর বৃহস্পতিবার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবিকা সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন লিউ হাইশিং। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।
উল্লেখ্য, লিউ হাইশিং চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান। তিনি ২০২৫ সালে এ দায়িত্ব পান। এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপবিষয়ক বিভাগের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available