• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪২:০২ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

নভেম্বরেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

নভেম্বরেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে চলতি নভেম্বর মাসেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়। কেন্দ্রটিতে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা ১২০০ মেগাওয়াট। অর্থাৎ দুটি ইউনিট চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে এবং প্রযুক্তিগত কোনো সমস্যা বা আকস্মিক সংকট তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। এর মধ্য দিয়ে দেশের পারমাণবিক বিদ্যুতের ব্যবহারিক যাত্রা শুরু হবে।

আরও পড়ুন

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে

এ বিষয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ কবে শুরু হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ শুরুর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ দেওয়ার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। সবকিছু ঠিকমতো হচ্ছে কি না, তা দেখা হবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে কোনো সমস্যা বা ত্রুটি নেই, তা নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

মাহমুদুল হাসান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী থাকতে পারেন। সেটিও নির্ভর করবে তিনি কবে সময় দিতে পারবেন, তার ওপর। এ কারণে আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন

শ্রমিক অসন্তোষ, গাজীপুরের কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি

এর আগে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালিটি সফলভাবে শুরু হয়। পরে ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চুল্লির ক্ষমতা বৃদ্ধির চূড়ান্ত ধাপ ‘পাওয়ার স্টার্টআপ (সি-স্টেজ)’ শুরুর অনুমোদন দেয়।

কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়া সাপেক্ষে চলতি সপ্তাহের মধ্যেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলে উৎপাদন ধাপে ধাপে বাড়ানো হবে। প্রথম ইউনিটকে পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে নিতে আরও তিন থেকে চার মাস সময় লাগতে পারে। ২০২৭ সালের এপ্রিল নাগাদ এ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সাপ্তাহিক ছুটির পর আজ ফের বসছে সংসদ অধিবেশন

এদিকে, দ্বিতীয় ইউনিট চালুর প্রস্তুতি হিসেবে রাশিয়া থেকে নিয়মিত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম দেশে আনা হচ্ছে। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালানের ইউরেনিয়াম রূপপুরে পৌঁছেছে।

প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হওয়ার প্রায় এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিট থেকেও পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ