ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিল্লিতে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে।
২০ জুলাই সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দৈনিক দেশ রূপান্তরের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের অনুলিপিও ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রমও চলমান রয়েছে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়।
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। রায়ে বলা হয়, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ (ঊর্ধ্বতন কমান্ডের দায়) নীতির আওতায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য তারা দায়ী। একই সঙ্গে রাষ্ট্রীয় অনুকূলে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available