অনলাইন ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দ্রুত স্বাক্ষরের আশা প্রকাশ করেছে ঢাকা।
২ অক্টোবর শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রবিষয়ক ফার্স্ট ভাইস মিনিস্টার পার্ক ইউনজু এবং জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার লি দুহির সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।
পার্ক ইউনজুর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংকে বাংলাদেশ সফরের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন হুমায়ুন কবির।
এসময় সিইপিএ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানিয়ে দ্রুত চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। সেই সঙ্গে তিনি বাংলাদেশি পণ্যের বাজার সুবিধা বাড়ানোর পাশাপাশি সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল, উচ্চমানের তৈরি পোশাক, আইসিটি ও প্রযুক্তিনির্ভর খাতে কোরীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
এছাড়া কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস, ডিজিটাল রূপান্তর ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা এবং এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় বাংলাদেশি দক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ চাওয়া হয়।
রোহিঙ্গাদের জন্য দক্ষিণ কোরিয়ার মানবিক সহায়তার প্রশংসা করে তাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে অব্যাহত সহযোগিতা চান প্রতিমন্ত্রী।
অন্যদিকে, লি দুহির সঙ্গে বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, জাতিসংঘের শান্তিরক্ষা ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এসময় বাংলাদেশে প্রস্তাবিত প্রতিরক্ষা শিল্পাঞ্চলে কোরীয় বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান হুমায়ুন কবির।
কোরীয় পক্ষ পারস্পরিকভাবে সম্মত ক্ষেত্রে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও শান্তিরক্ষা কার্যক্রমে আরও সহযোগিতার সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available