অনলাইন ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। ৯ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সাক্ষাতের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, সামরিক কর্মকর্তাদের পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
সাক্ষাতে ভারতের হাইকমিশনার আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়।
ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট অভিন্ন স্বার্থের ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সূত্র: জাগো নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available