ডেস্ক রিপোর্ট: সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ করলে জরিমানার বিধান করা হচ্ছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দেওয়া হলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর নবায়নও করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১৭ আগস্ট সোমবার স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারসংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত থাকবে, এসব যানবাহনকে সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে।
তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করা হলে এসব ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধন করা থাকলেও তা নবায়ন করা হবে না।
সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিলে জরিমানার বিধানও আইনে রাখা হবে বলে জানান মীর শাহে আলম।
তিনি আরও বলেন, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এক জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
এ সময় চলতি অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে ভোটের সময় নির্ধারণ করা হবে বলেও জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এ অর্থ চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ রাখা হয়েছে।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available