অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশ্যে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, চিকিৎসার জন্য বি-২ (B-2) ভিজিটর ভিসা আবেদনকারীদের চিকিৎসা, যাতায়াত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব ধরনের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ জমা দিতে হবে।
দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন পৃথকভাবে মূল্যায়ন করেন, যাতে নিশ্চিত হওয়া যায় যে আবেদনকারীর পরিকল্পিত চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ভিসার আবেদনকারীদের নিজ দেশের চিকিৎসকের দেওয়া চিকিৎসা-সংক্রান্ত নথি বা ব্যবস্থাপত্র জমা দিতে হবে। একই সঙ্গে কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার ব্যাখ্যাও দিতে হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের কাছ থেকে একটি সম্মতিপত্র (Letter of Acceptance) জমা দিতে হবে। এতে প্রস্তাবিত চিকিৎসার ধরন, সম্ভাব্য সময়কাল এবং আনুমানিক ব্যয়ের বিবরণ থাকতে হবে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, যাতায়াতের খরচ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন আবাসন ও অন্যান্য ব্যয় বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও দাখিল করতে হবে।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available