অনলাইন ডেস্ক: চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
২৪ জুন বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে তিনি বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ডব্লিউইএফের ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ হাজার ৭০০ জনের অধিক প্রতিনিধি অংশ নেন। বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা ও সেরা অনুশীলন সম্পর্কে ধারণা লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ জুন সোমবার চীনের দালিয়ান সফরে যান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available