• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:০৭:৪৩ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

ফ্যামিলি কার্ড উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬ জুন ২০২৬ দুপুর ০২:০৫:২৮

ফ্যামিলি কার্ড উদ্বোধনে আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি: ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনের জন্য আগামীকাল ১৭ জুন মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজার জেলা সফর করবেন। এ সময় তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। পরে তিনি স্থানীয় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত প্রস্তুতি জোরদার করা হয়েছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা হচ্ছে। জেলা সার্কিট হাউস সংস্কার ও পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের নির্ধারিত সড়কগুলোও সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশস্থল প্রস্তুতের কাজ চলছে। মাঠ সংস্কার, মঞ্চ নির্মাণ ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অন্যদিকে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us