• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪১:০৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৪০

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৪ জুন বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, গত ২৭ মে ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার সরকারের হাতে পৌঁছেছে।

তদন্তে দেখা গেছে, হাসপাতালের ভবন ও সংশ্লিষ্ট পোস্ট-অপারেটিভ ওয়ার্ড হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করছিল না। দীর্ঘ সময় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকা এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের অভাবে কক্ষে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্তকারীরা দায়িত্বরত সেবিকা, পরিচ্ছন্নতাকর্মী এবং মৃত নবজাতকদের অভিভাবকদের সঙ্গে কথা বলে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পেয়েছেন। নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি ঘটলেও জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হয়নি এবং অভিভাবকদের অভিযোগে দ্রুত সাড়া দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রায় ৯০০ বর্গফুটের একটি কক্ষে রোগী, নবজাতক ও স্বজন মিলিয়ে প্রায় ৫০ জন অবস্থান করছিলেন, যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। এছাড়া ওই ওয়ার্ডে রোগীদের তত্ত্বাবধানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেবিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণেরও ঘাটতি ছিল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং অতিরিক্ত লোকসমাগম নিয়ন্ত্রণেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।

তবে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কথা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে না বলে জানান তিনি। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, এ বিষয়ে আগামী রোববারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবায় অবহেলা ও দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us