ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যা মামলার বিচার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার। এসময় তিনি মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
২ জুন মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’
তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত কর্মকর্তা ও সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে।
তিনি আরও জানান, বর্তমানে হেফাজতে থাকা অভিযুক্তের জবানবন্দি ১৬৪ ধারায় ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের অনুমতি ছাড়া বাইরের কারো সঙ্গে এই মামলার বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকতে আদালত একটি নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত রায় ঘোষণার আশা প্রকাশ করে বলেন, মামলার চূড়ান্ত রায় এবং রায় ঘোষণার সময়সূচি সম্পূর্ণরুপে আদালতের এখতিয়ারভুক্ত বিষয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available