ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ ১ জুন সোমবার থেকে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।
ঈদ উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর আজ থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে ফিরছেন। ফলে রাজধানীসহ সারা দেশে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে আসছে।
তবে ছুটির সময়ও বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগসহ বিভিন্ন জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও চালু ছিল। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেন।
আজ থেকে ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে। গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
একই সময়সূচিতে বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও পরিচালিত হবে।
এদিকে ঈদের ছুটি শেষে দেশের দুই পুঁজিবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ আজ থেকে স্বাভাবিক লেনদেন শুরু হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর স্টক এক্সচেঞ্জ দুটির অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available