নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে এক হাজার মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালুর উদ্যোগ নিয়েছে সরকার’।
২৩ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে কেবল ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা হবে না। যুগোপযোগী করতে পাঠ্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীরা যাতে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এ লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একটি বিশেষ কমিটি গঠন করেছে, যারা ইতোমধ্যে শিক্ষাক্রম উন্নয়নের কাজ শুরু করেছে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল বা কারিগরি কোর্স চালু রয়েছে। এই সফলতার ভিত্তিতে আরও এক হাজার মাদরাসায় ধাপে ধাপে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। এর ফলে মাদরাসা শিক্ষার্থীরা পড়াশোনা শেষে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ করে নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available