• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:৪৮ (01-Apr-2026)
  • - ৩৩° সে:

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:০১

৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের  প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

১ এপ্রিল বুধবার বিকেলে সংসদে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

Ad
Ad

তিনি বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে ৩৭,৮১৪ টি নারীপ্রধান পরিবারকে 'ফ্যামিলি কার্ড' প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কৃষকের সার্বিক সুরক্ষা প্রদানে সরকার কৃষক কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৮টি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি ব্লকে পাইলটিং করা হবে। এ ছাড়া নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে।

Ad

সরকারপ্রধান আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে ইদুল ফিতরের আগেই ৩২৯৫ জন ইমাম, ২৯৭৫ জন মুয়াজ্জিন, ২৬০৪ জন খাদেম এবং হিন্দু মন্দিরের ১১৪ জন পুরোহিত, ৮৩ জন সেবাইত, বৌদ্ধ বিহার/ প্যাগোডার ১৫ জন অধ্যক্ষ ও ১৬ জন উপাধ্যক্ষসহ মোট ৯১০২ জন উপকারভোগীর ব্যাংক একাউন্টে সম্মানী দেওয়া হয়েছে। এ ছাড়া ই-হেলথ কার্ড প্রদান' বিষয়ে পাইলটিং কার্যক্রমের আওতায় খুলনা জেলায় ২৫ লক্ষ ই-হেলথ্ কার্ড প্রদানের জন্য একটি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন/পুন:খনন কর্মসূচি গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। জুন পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১২০৪ কিলোমিটার খাল খনন/পুন:খনন করবে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জুন পর্যন্ত কাবিখা, কাবিটা, টিআরের মাধ্যমে ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন/সংস্কার করা হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বনায়ন সৃজনের জন্য ইতোমধ্যে ১ কোটি ৫০ লক্ষ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত চারাসমূহ চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে। এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লক্ষ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়নে আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব প্রদান করা হবে, ৩৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে এবং ১৭২ জন শিক্ষার্থীকে ইটালিয়ান ও জাপানিজ ভাষা শিক্ষা প্রদান করা হবে। ৪১৮টি কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানে জুনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। হাই-টেক/সফটওয়‍্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে Paypal-এর কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, বলে জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দিয়ে বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের জন্য 'ক্রীড়া ভাতা' চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ জন ক্রীড়াবিদকে এই ভাতার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে যার মধ্যে প্রথম ধাপে ১২৯ জন আন্তর্জাতিক বিষয়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদকে ভাতা প্রদান করা হয়েছে।

ল্যাংগুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদ্যমান জামানতবিহীন ঋণ সীমা ৩ লাখ হতে ১০ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রাপ্তির পূর্বেই Certificate of Eligibility (CoE) এর ভিত্তিতে এ ঋণ প্রদান সহজীকরণ করা হয়েছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৮:৩৭




প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
প্রধানমন্ত্রী সিলেট যাবেন ৩০ এপ্রিল
১ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬







Follow Us