নিজস্ব প্রতিবেদক: গণহত্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল।
২৪ মার্চ মঙ্গলবার ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, ২৫ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের সবচেয়ে নৃশংস ও বেদনাবিধুর অধ্যায়। ওই রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনার মাধ্যমে নিরস্ত্র মানুষের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ নির্মমভাবে নিহত হন।

তিনি আরও বলেন, চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ ও সশস্ত্র প্রতিরোধ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা জাতিকে সংগঠিত করে তোলে। এর মধ্য দিয়েই শুরু হয় দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও বীরত্ব সম্পর্কে জানার আহ্বান জানান। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠন করা যেখানে অন্যায়, দুর্নীতি ও বঞ্চনা থাকবে না।
তিনি আরও উল্লেখ করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি স্বনির্ভর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে।
বাণীর শেষে রাষ্ট্রপতি ২৫ মার্চসহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available