• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:২০:৫১ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

সহযোগিতা জোরদারে মাহ্‌দী আমিনের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

৮ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৫:৫২

সহযোগিতা জোরদারে মাহ্‌দী আমিনের সঙ্গে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আনিস মাত্তা।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো, শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জ্বালানি খাতে গ্যাস ও তেল নিয়ে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় যাওয়া পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে আরও বেশি ইন্দোনেশীয় প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের সুযোগ নিয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় ভিসা প্রক্রিয়া সহজ করা, বাংলাদেশি নাগরিকদের জন্য বিমানবন্দরে পৌঁছে ভিসা দেওয়ার ব্যবস্থা পুনরায় চালু এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর বিষয়গুলো গুরুত্ব পায়।

দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পোশাক, পাট, কৃষিপণ্য ও পাম তেলের বাণিজ্য সম্প্রসারণ এবং হালাল পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তারা।

বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার এবং অভিন্ন মুসলিম ভ্রাতৃত্বের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত প্রকাশ করে।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিসতিওওয়াতী এবং ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবুল হাসান মৃধা উপস্থিত ছিলেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৪:৩২



বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
বান্দরবানে নতুন ডিসি নিয়োগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬

বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
বুয়েটে বিভিন্ন পদে চাকরির সুযোগ
৮ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৩৩:১৬