নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসকে সামনে রেখে ১৮ কোটি মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, যেকোনো মূল্যে বন্দর সচল রাখতে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে।

৮ ফেব্রুয়ারি রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা।


এম সাখাওয়াত হোসেন বলেন, ‘কতিপয় লোক পুরো চট্টগ্রাম বন্দরকে জিম্মি করার চেষ্টা করছে। কয়েকদিন পরই রোজা। ১৮ কোটি মানুষকে জিম্মি রাখা যায় না। এ কারণে সরকার হার্ডলাইনে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে।’
আন্দোলনকারীদের দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে যারা ধর্মঘট করছে, তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা রাজনৈতিক দাবির মতো করে একের পর এক নতুন দাবি সামনে আনছে। সামনে নির্বাচন থাকায় সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
নৌপরিবহন উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গেও আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘এটি নির্বাচন কমিশনের দেখার বিষয়। আমি প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি। ওই এলাকায় যদি নির্বাচন সুষ্ঠুভাবে না হয়, তবে তা সারা দেশের নির্বাচন নিয়েই প্রশ্ন তুলবে। সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। এটি জাতির কাছে সরকারের অঙ্গীকার।’
তিনি আরও জানান, চুক্তি সংক্রান্ত বিষয়ে আরও সময় চেয়ে ডিপি ওয়ার্ল্ড (ডিপিওয়ার্ল্ড) প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে। নির্বাচন পরবর্তী সময়েও এ বিষয়ে আলোচনা চলবে।
প্রসঙ্গত, চার দফা দাবিতে ৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে ধর্মঘট শুরু করে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ধর্মঘটের ফলে বন্দরের জেটি ও বহির্নোঙরে পণ্য ওঠানামাসহ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available