ডেস্ক রিপোর্ট: সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সঙ্গে ঢাকাস্থ রাজবাড়ী’র শিল্পী ও সাংস্কৃতিকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
সভার শুরুতে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত সংস্কৃতিকর্মীদের স্বাগত জানান এবং মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। এ সময় রাজবাড়ী জেলার শিল্প-সংস্কৃতি চর্চার নানা সীমাবদ্ধতা, প্রশাসনিক ও সামাজিক সমস্যা এবং বর্তমান স্থবিরতার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন উপস্থিত সংস্কৃতিকর্মীরা।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশের সংস্কৃতি চর্চায় একই ধরনের সমস্যা ও স্থবিরতা বিরাজ করছে জানিয়ে সুস্থ শিল্প ও সংস্কৃতি চর্চার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের নানা পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, প্রায় ৫০ বছরের পুরোনো ও ত্রুটিপূর্ণ আইন-কানুন সংশোধনের পাশাপাশি দেশব্যাপী সাংস্কৃতিক অবকাঠামোর উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সংস্কৃতি শুধু সংগীত, নৃত্য বা নাটকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি জাতির সামগ্রিক জীবনধারা। মানুষের কথা বলা, চলাফেরা, পোশাকের ধরন, ঐতিহ্যবাহী খাবার ও পিঠাপুলিসহ জীবনযাপনের নানা বিষয়ই সংস্কৃতির অংশ। সংগীত ও নাটক এর দৃশ্যমান অংশমাত্র।
বক্তব্যে দলমত নির্বিশেষে রাজবাড়ী জেলার সকল সংস্কৃতিকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জেলার সংস্কৃতি চর্চাকে আরও সমৃদ্ধ ও বেগবান করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা শহরে শিল্পকলা একাডেমির পরিসর বাড়ানো ও নতুন অডিটোরিয়াম নির্মাণের কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টুকু মজনিউল (নাট্যকার ও পরিচালক), নূর ইমরান মিঠু (চলচ্চিত্র পরিচালক), আরজে নীরব, এমএনইউ রাজু (অভিনেতা ও পরিচালক), পান্থ আফজাল (সাংবাদিক, আবৃত্তিকার ও সংগঠক), বন্ধন বিশ্বাস (চলচ্চিত্র পরিচালক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, পরিচালক সমিতি), মনিরুজ্জামান মুন্না (নির্মাতা, নির্বাহী প্রযোজক ও সংগঠক), রনি খান (পরিচালক), লিটু করিম (পরিচালক), কবির টুটুল (অভিনেতা), কবির তিথি (অভিনেত্রী ও নৃত্য পরিচালক), উৎপল (এডিটর, চরকি), বিপ্লব সরকার (গণমাধ্যমকর্মী), সবুজ বিশ্বাস (নির্মাতা), সেতু বর্ধন (নির্মাতা), রোশান শরিফ (অভিনেতা), শিকদার ডায়মন্ড (নাট্যকার ও নির্মাতা), লাবণ্য লিজা (অভিনেত্রী), নন্দী (অভিনেতা), কাজী পলাশ (অভিনেতা ও সংগঠক), ফারজানা মীম (আবৃত্তিকার), সুমনা শিল্পী (আবৃত্তিকার), নাসির খান (নাট্যকার), আসলাম (চিত্রগ্রাহক) ও ছায়া কর্মকার (সংগীতশিল্পী), সানসি ফারুক (অভিনেতা), আরজে নীল (থিয়েটার কর্মী), শিশুশিল্পী মাইশারা তাওয়াফসহ অনেকে।
এই আলোচনা সভা শেষে রাজবাড়ীর স্থানীয় ও ঢাকাস্থ শিল্পীদের পরিবেশনায় একটি মনোরম সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available