নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার যশোর সফরে যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর। সফরে খাল খনন কর্মসূচির উদ্বোধন, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি।
২৬ এপ্রিল রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।


সফরসূচি অনুযায়ী, সোমবার সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে আকাশপথে যশোর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। যশোরে পৌঁছে শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশে যোগ দেবেন।

শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে ফেরার কথা রয়েছে তার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এটি তার প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি যশোরে তার দ্বিতীয় সফর। এর আগে, গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোর শহরজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available