• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৪৬:১৪ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে

১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৮:৩৩

আজ রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা মাত্র।

১৭ নভেম্বর মঙ্গলবার প্রকল্পসংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

দেশে আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটিকে আবার জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিক থাকলে পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু করা হবে। তবে এই পরীক্ষামূলক সংযোগকে বাণিজ্যিক উৎপাদনের সূচনা হিসেবে দেখা হচ্ছে না।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে পানি গরম করে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরবে এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হবে।

শুরুতে প্রথম ইউনিটটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানোর পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুন

পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে

এরপর কয়েক দিন ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে প্রায় সাত থেকে আট মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক সরবরাহ ও প্রয়োজনীয় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু উপলক্ষে আনুষ্ঠানিক আয়োজনেরও পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। ফলে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১ হাজার ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

রেলওয়ের ভঙ্গুর অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে: মীর হেলাল

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজও চলমান রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালে এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
বিমানবন্দরে বাসের ধাক্কায় যুবক নিহত
১৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৭:০৩