অনলাইন ডেস্ক: বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রথমে গুডনেস সার্ভিসেস লিমিটেডকে (আরএল-২০৬৮) ২৮টি চাহিদাপত্র দেয়া হয়েছিলো। এবার আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) ২৬ জন কর্মীর জন্য চাহিদাপত্র অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার হাইকমিশন।
জানা গেছে, প্রথম ধাপে মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে গুডনেস সার্ভিসেস লিমিটেডের (আরএল-২০৬৮) জন্য ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছিলো বাংলাদেশ হাইকমিশন। এবার দ্বিতীয় ধাপে হাইকমিশন থেকে সত্যায়ন করা হয়েছে ২৮ কর্মীর চাহিদাপত্র। মালয়েশিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠান শরীকত পারনিগান মনজা’র চাহিদার পরিপ্রেক্ষিতে আত-তাকওয়া ওভারসীজ লিমিডেটকে (আরএল-১৭০৩) এই অনুমোদন দেওয়া হলো।
আত-তাকওয়া ওভারসীজ লিমিটেডের (আরএল-১৭০৩) ম্যানেজার মোহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার হাইকমিশন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সময় নতুন কর্মী প্রবেশ বন্ধ করে মালয়েশিয়া সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর বৈদেশিক কর্মসংস্থান নিয়ে বিশেষ বৈঠকে বন্ধ ও সংকুচিত শ্রমবাজারগুলো পুনরায় উন্মুক্ত করার ওপর জোর দেন। তিনি এ লক্ষে মালয়েশিয়া সফরও করেন। সফরকালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আলোচনা করেন তিনি।
এর ধারাবাহিকতায় মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আবার উন্মুক্ত হলো। দীর্ঘদিন বন্ধ থাকা এই শ্রমবাজারে প্রাথমিকভাবে ১০ হাজার বাংলাদেশিকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তবে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আগে সেখানকার নিয়োগদাতাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দিয়ে শ্রমিক দক্ষতা নিশ্চিত করা হবে। এরপর বাংলাদেশে এসে নিজেদের প্রয়োজন অনুযায়ী শ্রমিক বাছাই করবেন তারা। গত ৪ অক্টোবর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available