নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের জ্বালানি তেলের সরবরাহে। ফলে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, অতিরিক্ত ভিড় এবং অনেক ক্ষেত্রে তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি বাড়ছে। এই পরিস্থিতিতে প্রযুক্তিনির্ভর একটি সমাধান নিয়ে এসেছেন এক তরুণ প্রকৌশলী।
তরুণ প্রযুক্তিবিদ সজিব খান তৈরি করেছেন ‘তেল কই’ নামে একটি ওয়েবভিত্তিক অ্যাপ, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে। স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার—যে কোনো ডিভাইস থেকেই অ্যাপটি ব্যবহার করা যাবে।


ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা সজিব খান বর্তমানে পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কাজ করছেন। তার তৈরি এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন কোন পেট্রোল পাম্পে তেল রয়েছে এবং কোথায় তেল শেষ হয়ে গেছে। পাশাপাশি কোনো পাম্পে গাড়ির লাইনের দৈর্ঘ্য বা ভিড় কেমন, সে সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

‘তেল কই’ একটি কমিউনিটি-ভিত্তিক প্ল্যাটফর্ম। অর্থাৎ ব্যবহারকারীরা নিজেরাও কোনো পাম্পে তেলের মজুত বা দামের তথ্য যুক্ত করতে পারবেন। ইতোমধ্যে দেশের প্রায় ২৮৭টি পেট্রোল পাম্পের তথ্য এই অ্যাপে যুক্ত হয়েছে।
সাম্প্রতিক সময়ে জেন-জি প্রজন্মের তরুণরা প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসছে। ‘তেল কই’ ছাড়াও চাঁদাবাজি প্রতিরোধে ‘চান্দাওয়াচ’ এবং রমজানে ইফতারের তথ্য দিতে ‘বিরিয়ানি দিবে’—এমন বেশ কয়েকটি উদ্ভাবনী অ্যাপ তৈরি হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, উপযুক্ত সুযোগ ও সহায়তা পেলে এই প্রজন্মের তরুণরা ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে দেশের নানা নাগরিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারে। সাধারণ চালক ও পরিবহন খাতের ভোগান্তি কমাতে ‘তেল কই’ অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available