• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৫১:৪৮ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

১ ডিসেম্বর থেকে কার্যকর

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১৯:৫৯

পোশাকশ্রমিকদের মজুরি বাড়ল ৩৬ শতাংশ, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়ছে ৩৬ শতাংশ। আগের ১২ হাজার ৫০০ টাকার পরিবর্তে এবার থেকে তাঁরা পাবেন ১৭ হাজার টাকা। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

২৪ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রায় ১২ ঘণ্টার বৈঠক শেষে গভীর রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চারটি গ্রেডের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। এতে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা

বৈঠক শেষে ব্রিফিংয়ে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

তিনি বলেন, ‘সর্বনিন্ম গ্রেড চারের ক্ষেত্রে সকলে একমত হতে পারিনি বলে আমরা বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী বোর্ড চেয়ারম্যান হিসেবে গোপন ভোটের ব্যবস্থা করেছি। সর্বসম্মতি ক্রমে তিনটি গ্রেডের মধ্যে গ্রেড ১ এর নিন্মতম মজুরি নির্ধারণ করেছি ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড ২ এ সর্বসম্মতিতে ২০ হাজার টাকা, গ্রেড ৩ এ নির্ধারণ করেছি ১৯ হাজার ২০০ টাকা। সর্বনিন্ম গ্রেড গ্রেড ৪ এ সর্বসম্মতিতে আসতে না পারায় গোপন ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। বোর্ডের চারটি ভোট পরে ১৭ হাজার টাকার পক্ষে। সেই হিসেবে বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ এর ১২৯ ধারা ১ অনুসারে উপস্থিত বোর্ড সদস্যদের উপস্থিতিতে গ্রেড ৪ এর নিন্মতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।’

নতুন এ সিদ্ধান্তের ফলে সর্বনিম্ন গ্রেডের একজন পোশাকশ্রমিকের মাসিক আয় এক ধাপে ৪ হাজার ৫০০ টাকা বাড়ছে। অর্থাৎ বছরে তাঁর ন্যূনতম মজুরি বাড়বে ৫৪ হাজার টাকা। অন্যদিকে, উচ্চতর গ্রেডের শ্রমিকদের জন্যও বাড়তি মজুরির সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুন

অনুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি জেলার বাইরে না নেওয়ার নির্দেশ

এর আগে ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ মজুরিকাঠামো ঘোষণা করা হয়। তখন সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

মূলত শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার গত ১ নভেম্বর পোশাকশিল্পের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই সঙ্গে পুনর্গঠন করা হয় মজুরি বোর্ড।

এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হয়। এতে নতুন কাঠামো অনুযায়ী ডিসেম্বরের বেতন পরবর্তী জানুয়ারিতে পাওয়ার কথা জানানো হয়।

আরও পড়ুন

সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ করা সম্ভব: মাহদী আমিন

৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। অন্যদিকে, ২৩ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় সভায় মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। এতে দুই পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ মঙ্গলবারের বৈঠকে কয়েক দফা আলোচনার পর মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৫ নভেম্বর ২০২৬)
২৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৫:৩৫