• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:০৮:০১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৪৬:২২

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

৩১ অক্টোবর শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলসংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এ বছর মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ৪১৩ জন। এর মধ্যে এক বিষয়ে ফেল করেছে ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ফেল করেছে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। এই ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

পরীক্ষার সময়সীমা ব্যাখ্যা করে শিক্ষামন্ত্রী বলেন, "সাত বা ১৫ দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হলেও তাতে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি থাকবে। আবার পরীক্ষা অতিরিক্ত পিছিয়ে গেলে তাদের ভর্তি কার্যক্রমে জটিলতা তৈরি হবে। তাই শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে সর্বোচ্চ এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হবে।

খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের বিষয়ে মন্ত্রী জানান, আগামী ১ থেকে ৭ নভেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। বিগত এসএসসি পরীক্ষায় প্রায় ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের জন্য জমা পড়েছিল। যাচাই-বাছাই শেষে ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছিল, যার মধ্যে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস করে এবং ৩ হাজার ৭৯ জন নতুন করে জিপিএ-৫ পায়।

পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রকাশের পদ্ধতিতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। খাতা মূল্যায়নে গুরুতর ভুল বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী চান প্রত্যেকের সঠিক মূল্যায়ন হোক, কেউ যেন অবমূল্যায়িত না হয়।

আরও পড়ুন

ঢাকায় বাস রুট ৯৮ থেকে কমে হচ্ছে ৩২, ৬টির উদ্বোধন রোববার

এবারের ফলাফলে শিক্ষার্থীদের শেখার ঘাটতি প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। গত বছর পাসের হার ছিল ৫৮.৮৩ শতাংশ, যা এবার কমে দাঁড়িয়েছে ৫২.১২ শতাংশে। পাসের হার কমে যাওয়াকে অসন্তোষজনক উল্লেখ করে তিনি ঘাটতিগুলো চিহ্নিত করার নির্দেশ দেন।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, এবার সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে (২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন) এবং আইসিটিতে (১৩ হাজার ৮৪৯ জন)। ইংরেজি বিষ্যের ঘাটতি পূরণে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, সেগুলোকে প্রয়োজনে পাশের প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (মার্জ) করার বিষয়টি বিবেচনা করছে মন্ত্রণালয়। তবে এতে শিক্ষকদের চাকরি যাবে না বলে আশ্বস্ত করেন তিনি।

আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রী জানান, এবার পাস করেছে প্রায় ১২ লাখ শিক্ষার্থী, যার বিপরীতে কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। ফলে সবারই ভর্তির সুযোগ রয়েছে। তবে ভর্তির ক্ষেত্রে জিপিএর শর্ত নির্ধারণ করবে নিজ নিজ বিশ্ববিদ্যালয়।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৬ সালের সংশোধনীর মাধ্যমে এনসিটিবি কর্মকর্তা, প্রশ্নপত্র এবং খাতা মূল্যায়নের অনিয়ম খতিয়ে দেখার সুযোগ তৈরি হয়েছে। কিছু কেন্দ্রে এমসিকিউ প্রশ্নপত্র পাল্টে দেওয়া এবং সংঘবদ্ধ ফল পরিবর্তনের অপচেষ্টার প্রমাণ মিলেছে। দীর্ঘদিনের এসব দুর্বলতা ও জালিয়াতির বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবশেষে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থেকে পাঠ্যসূচি ও শ্রেণিকক্ষে মনোযোগ বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন

তাহসিফের মৃত্যু: অজ্ঞাতনামাদের আসামি করে বাবার হত্যা মামলা দায়ের

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
একদিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় পতন
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ০১:২৪:২৭


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬