অনলাইন ডেস্ক: ষোল বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সুযোগ বন্ধে বাধ্যতামূলক অন্তর্বর্তীকালীন গাইডলাইন প্রণয়ন ও জারির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তবে অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনবিদদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে আদালত।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২২ নভেম্বর রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
ষোল বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে চলতি মাসের শুরুতে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফয়সাল দস্তগীর। আদালতে রিটের পক্ষে তিনি শুনানি করেন।
রিটকারীর দাবি, এ বিষয়ে কোনো নীতিমালা না থাকায় ১৬ বছরের কম বয়সী শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মানসিক বিকাশ ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি অনেকের দৃষ্টিশক্তিসহ নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে বলে একটি গবেষণায় উঠে এসেছে।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনস্বার্থে রিটটি করা হয়েছে।
রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলে জানতে চাওয়া হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের ওপর অ্যালগরিদম-নিয়ন্ত্রিত ফিডের কাঠামোগত প্রভাব মূল্যায়নে একটি স্বাধীন কমিটি গঠন এবং ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপে জাতীয় নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available