ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের পরবর্তী সংসদ অধিবেশনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জামায়াতের প্রার্থী নিয়মিত আপিল করতে পারবেন বলেও আদালত উল্লেখ করেছেন।
২৯ জুলাই বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করলে তিনি বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন।
তবে নির্বাচনের ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। পরে সরোয়ারের রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে ৯ জুলাই হাইকোর্ট রায়ে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন।
হাইকোর্টের রায়ের পর একই দিন নির্বাচন কমিশন সচিবালয় সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে। পরে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
এরপর হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে চট্টগ্রাম-২ আসনে জামায়াতের প্রার্থী নুরুল ১২ জুলাই আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ অন্তর্বর্তী এ আদেশ দেন।
সূত্র: যমুনা টিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available