বিনোদন ডেস্ক: প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর কারণ উদঘাটনের জন্য তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।
আদালত লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন বলে জানা গেছে। গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০ মে সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ লাশ উত্তোলনের অনুমতির আবেদন করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন করে নতুন করে সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে। আদালত এ আবেদন মঞ্জুর করেছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কার্যক্রম শুরু হবে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অপমৃত্যু মামলা দায়ের করা হয়। দীর্ঘ সময় পর মামলাটিকে ঘিরে নতুন করে তদন্ত কার্যক্রম শুরু হয়।
গত বছর ২১ অক্টোবর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সালমান শাহের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়। মামলায় তার স্ত্রীসহ একাধিক ব্যক্তি ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
এদিকে আদালতের এই নির্দেশের ফলে প্রায় তিন দশক পর আবারও আলোচনায় এসেছে সালমান শাহর মৃত্যু রহস্য, যা ঘিরে নতুন করে তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available