ডেস্ক রিপোর্ট: শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার সমাপনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর এই কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধের বিচারে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালের নজির তুলে ধরবেন অ্যাটর্নি জেনারেল। এ বিষয়ে বুধবার তিনি সাংবাদিকদের জানান।
এর আগে গত ২৪ নভেম্বর মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। ২৫ নভেম্বর বুধবার দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এ সময় মামলার বিভিন্ন সাক্ষীর জবানবন্দি ও প্রাসঙ্গিক তথ্য তুলে ধরেন তারা। বুধবারের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের অবশিষ্ট যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান নিরাপত্তাজনিত কারণে কারাগার থেকে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন। শুনানিতে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের স্বজনরাও উপস্থিত থাকছেন।
প্রসিকিউশনের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে তিনটি পৃথক ঘটনায় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত ছিলেন। অভিযোগপত্রে প্রথম ঘটনায় ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় বলেশ্বর নদীর মোহনায় প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবন-সংলগ্ন এলাকায় বনদস্যু দমনের অভিযানের আড়ালে আরও প্রায় ৫০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।
প্রসিকিউশনের দাবি, এসব ঘটনায় মোট ১১৫ জনকে হত্যার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। গত ১৯ নভেম্বর তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সাক্ষ্যগ্রহণ ও জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপনের পর্ব শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।
উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলার রায় ঘোষণার পরবর্তী তারিখ নির্ধারণ করতে পারেন ট্রাইব্যুনাল।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available